নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস-এর ৩ শূন্যের পৃথিবী ধারণা প্রচার ও প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ – ২০২৪
দীর্ঘ ১৫০ কিলোমিটার পথ অতিক্রম করে চট্টগ্রাম কলেজ থেকে পটিয়া, গাছবাড়িয়া, আমিদাবাদ, লোহাগাড়া, হারবাং, চকোরিয়া, ঈদগাহ ও রামু হয়ে কক্সবাজার এসে থামলেন বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের ক্রিস্টাল ওপেন স্কাউটস গ্রুপের তিন রোভার স্কাউট।
পরিভ্রমণকারীরা হলেন – তাসনীমূল হোসেন (২২), মোঃ আশরাফুল হক (২১) ও মোঃ মেহেদী হাসান (১৯)। তাঁরা গত ১৬ নভেম্বর থেকে ২০ নভেম্বর ২০২৪ পর্যন্ত এই ৫ দিনব্যাপী পদযাত্রা সম্পন্ন করেন।
রোভার প্রোগ্রাম সিলেবাস অনুযায়ী প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের পথে এটি তাঁদের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম। যাত্রাপথে তাঁরা জনগণের মাঝে পরিবেশ রক্ষা, দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা নোবেল বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রদত্ত “৩ শূন্যের পৃথিবী” ধারণা—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ—এর বার্তা প্রচার করেন।
পথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দর্শনীয় স্থান ও ঐতিহ্যবাহী জনপদে তাঁরা সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে সমৃদ্ধ জ্ঞান অর্জন করেন।
২০ নভেম্বর ২০২৪ তারিখে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে তাঁদের এই ১৫০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
রোভার স্কাউটিং-এর সর্বশেষ ধাপ হিসেবে এ ধরনের পরিভ্রমণ একজন রোভারকে জাতীয় পর্যায়ের সর্বোচ্চ সম্মাননা “প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড” অর্জনের পথকে সুগম করে তোলে। এই এওয়ার্ডটি প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি।

